আমেরিকায় হবিগঞ্জবাসীর সর্বপ্রথম নিউইয়র্কে হবিগঞ্জ জেলার ৯ সংগঠনের সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে বসবাসরত হবিগঞ্জ জেলার প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জবাসীর ৯টি সংগঠনের সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল। এই আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে এক অনন্য মিলনমেলার সৃষ্টি করেন।
গত ৮ মার্চ নিউইয়র্ক সিটির উডহ্যাভেন বুলেভার্ডে অবস্থিত ‘জয়া পার্টি হল’-এ এই সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এবং ইমিগ্রেশন বিষয়ক খ্যাতনামা অ্যাটর্নি মঈন চৌধুরী ও উনার ছোট ভাই বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সাবেক সদস্য ওয়াসি চৌধুরী। তারা দুজনেই হবিগঞ্জ জেলার সন্তান এবং দীর্ঘদিন ধরে প্রবাসে কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান এবং সেক্রেটারি মোহাম্মদ আলী। তারা এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে হবিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অন্যান্য জেলার প্রবাসীদেরও এ ধরনের ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একই জেলার মানুষ হলেও নানা কারণে কমিউনিটির মধ্যে বিভাজন ও দূরত্ব তৈরি হয়েছিল। অনেক ক্ষেত্রে একে অপরের সঙ্গে যোগাযোগ বা সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও অনীহা দেখা যেত। কিন্তু এই সম্মিলিত ইফতার মাহফিল সেই দূরত্ব কমিয়ে পারস্পরিক সম্পর্ককে নতুন করে দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।
অ্যাটর্নি মঈন চৌধুরী উনার বক্তব্যে বলেন, “আমরা সবাই একই জেলার মানুষ হলেও অনেক সময় নানা বিভাজনের কারণে একসঙ্গে বসার সুযোগ তৈরি হয় না। আজকের এই আয়োজন সেই দূরত্ব কমানোর একটি প্রচেষ্টা। সবাই একসঙ্গে বসে কুশল বিনিময় করেছেন, ইফতার ভাগাভাগি করেছেন—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আশা করছি, ভবিষ্যতে এই উদ্যোগ আরও বড় আকারে এগিয়ে যাবে এবং অন্যান্য জেলার প্রবাসীদের জন্যও একটি উদাহরণ হয়ে থাকবে।” অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি আমির ফারুক তালুকদার এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, হবিগঞ্জ সোসাইটির সভাপতি আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি তাজুল ইসলাম মানিক এবং সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, মাধবপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান নিয়াজ এম আনোয়ার এবং সাধারণ সম্পাদক কাজী সোহরাব হোসেন। অন্যান্য সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন চুনারুঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মো. তৌফিক মিয়া এবং সাধারণ সম্পাদক মো. ফখরুল আবেদিন মাসুম, লাখাই উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াসি চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু এবং বাহুবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আহমেদ মকসুদ। ইফতার মাহফিল শুরুর আগে ধর্মীয় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। মাওলানা ফায়েক আহমেদের নেতৃত্বে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে মাওলানা আব্দুল মুকিতের পরিচালনায় মোনাজাত করা হয়। মোনাজাতে প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হয় এবং দেশের উন্নতি ও কল্যাণের জন্য দোয়া করা হয়। পুরো অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী হবিগঞ্জবাসীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঐক্যবদ্ধ উদ্যোগ আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, এই সম্মিলিত ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য ছিল প্রবাসে বসবাসরত হবিগঞ্জ জেলার বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং সকলকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। তাদের আশা, এই উদ্যোগ ভবিষ্যতে প্রবাসী কমিউনিটির মধ্যে ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ